ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে বের করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।












