ফেনীতে এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি
ভুক্তভোগী নাবিল ও তার মা নার্গিস আক্তার।
ভুক্তভোগী নাবিল ও তার মা নার্গিস আক্তার।

ফেনীতে এসএসসি পরীক্ষার হলে সহপাঠীকে খাতা না দেখানোয় ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল ছাগলনাইয়া হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মোটবী ইউনিয়ন বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন একই পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী। সে গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে। সে খন্দকার বাড়ির হেলাল মিয়ার ছেলে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা নার্গিস আক্তার।

আহত নাবিল জানায়, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন রাকিব খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হয়নি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব। পরে আজ রোববার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছেলে তাকে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আশ্রাফীর মা নার্গিস আক্তারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। ঘটনার বিচার ও অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, এ বিষয়ে একটি  লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement