দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, বিআরটিসির বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
বিক্ষুব্ধ জনতার আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটিসি পরিবহনের বাসটি। ছবি: সংগৃহীত
বিক্ষুব্ধ জনতার আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটিসি পরিবহনের বাসটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মুহাম্মদ শাহজাহান (৪৪) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোটরসাইকে আরোহী বাবা-ছেলেকে চাপা দেওয়ার পর বিআরটিসির বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত
মোটরসাইকে আরোহী বাবা-ছেলেকে চাপা দেওয়ার পর বিআরটিসির বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি পাইন্দংয়ের আমতল এলাকা অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়।

একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিআরটিসি বাসটি আটক করে এতে আগুন দেন।

পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ওই এলাকায় সড়কটি দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, বাসচালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement