ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি তুলে দেওয়ার ‘কালো চুক্তি’র বিরোধিতায় মশাল মিছিল

আগামী ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তির তারিখ ঘোষণা হতেই মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আন্দোলনকারীরা একে ‘কালো চুক্তি’ আখ্যা দিয়ে এর বিরোধিতায় বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এনসিটি ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ একই সময়ে চট্টগ্রামে বন্দর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নেওয়া বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা ইব্রাহিম খোকন বলেন, আমরা বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করব। আমরা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করব। মিছিল থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এক বিবৃতিতে ‘জনমত উপেক্ষা করে’ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির উদ্যোগে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলু কবির মিন্টু বলেন, এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নিয়ে জনগণের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জনমত উপেক্ষা করে চুক্তি সইয়ের পথে এগোলে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। বন্দর ও জাতীয় স্বার্থ রক্ষায় শ্রমিকসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
চুক্তির বিষয়ে ক্ষোভ জানিয়ে পৃথক বিবৃতিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম বলেছে, জনগণের কাছে জবাবদিহি এড়িয়ে এই বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা গণতান্ত্রিক নীতির পরিপন্থি। অবিলম্বে চুক্তি সইয়ের প্রক্রিয়া বন্ধ, প্রস্তাবিত চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ এবং শ্রমিক, বন্দর ব্যবহারকারী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট জনগণের মতামত নেওয়ার দাবি তুলে চুক্তির বিরোধিতায় আন্দোলনরত সব সংগঠনের সঙ্গে সংহতি জানিয়েছে স্কপ চট্টগ্রাম।
এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা কয়েক মাস ধরেই করে আসছে বন্দর রক্ষা কমিটি। গণঅনশন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এই কমিটি।
এদিকে বৃহস্পতিবারের চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।













-93b7bc-256x144.webp)



