আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। চলমান পরিস্থিতিতে সড়কের পাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা অনন্ত গ্রুপের একটি কারখানার সামনে জড়ো হন। সেখান থেকে তারা হামীম গ্রুপের কারখানার সামনে গিয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন।
একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার পর সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক ও পুলিশ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








-cf3184-720x405.webp)



-f3a338.jpg)
