হাজারীবাগে এজেআরের ওয়্যারহাউজে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ রেজাউল করিম (৩১), মো. পারভেজ (২৮), রোবাইয়াত ফেরদাউস (২৮), মো. সানজু (২২), মো. ইমরান আলী (৩০), মো. মাসুম হোসেন (৩৪), মাহিদুল ইসলাম (৩৩), আলিফ হোসেন লাবিব (২২), স্বপন মুন্সী (৩২), মো. মুন্না (২২) ও মাহির আহমেদ রজিন (১৯)।
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগ হাজারীবাগ, গজমহল, বউবাজার, তল্লাবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল, মাদারীপুর, নোয়াখালী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
এর আগে গত ২০ অক্টোবর সন্ধ্যায় মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে এজেআরের ওয়্যারহাউজে ঢোকে। তারা সেখানে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর চালায়। পরে গ্রাহকদের পার্সেল, ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ডিভিআর লুট করে নিয়ে যায়।








-11dfae-256x144.webp)


