কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাড়ির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীরা বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করে।
কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলা আক্তার বলেন, “২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ।
-f7d510.jpg)
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার বলেন, তাদের নিয়ন্ত্রণকক্ষে বাড়িটিতে আগুন লাগার কোনো খবর আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি খবর এসেছিল।
তিনি বলেন, “তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি খবর এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পর আগুন নিভে যাওয়ার কথা জানানো হয়।”














