কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মো. সাইমুন (২৩)। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর জড়িতদের শনাক্ত করতে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে রায়হান ও সাইমুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

অপর গ্রেপ্তার মো. সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

শাহজাহানপুর থানা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২