চুরির অভিযোগ— খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দিলো মেয়ে

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর সেখানে ছুটে আসে তার নয় বছরের মেয়ে। হাত-পা বাঁধা বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। পরে চা ও পাউরুটি এনে নিজের হাতে বাবাকে খাইয়ে দেয় সে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন। ওই ব্যক্তির নাম অনিক হাওলাদার। তিনি পশ্চিম বামরাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, ভোরে চুরির অভিযোগে অনিককে আটক করে বামরাইল বাজারে নিয়ে আসা হয়। সেখানে একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে সেখানে যায় তার মেয়ে। বাবাকে ওই অবস্থায় দেখে সে কাঁদতে থাকে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে অনুরোধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে অনিকের হাত-পা বাঁধা। পাশে থাকা মেয়েটি পাউরুটি চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। তাকে বাবার শরীরে হাত বুলিয়ে দিতে এবং ব্যথার কথা জানতে চাইতেও দেখা যায়।
একপর্যায়ে শিশুটি বাবাকে বলে, “দেইখো বাবা, তোমার কিচ্ছু হইবো না।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী মিরাজ ফকির বলেন, অনিক পশ্চিম বামরাইল গ্রামের রাসেল সর্দারের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে তাকে বামরাইল বাজারে এনে বেঁধে রাখা হয়।
মিরাজ বলেন, সকালে অনিকের মেয়ে সেখানে এসে দূরে দাঁড়িয়ে ছিল। পরিচয় জানতে চাইলে অনিক মেয়েটিকে তার মেয়ে বলে জানান। পরে একজন অনিককে চা ও রুটি দিলে হাত-পা বাঁধা থাকায় তিনি নিজে খেতে পারছিলেন না। তখন মেয়েটি বাবাকে খাইয়ে দেয়। পরে অনিককে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, অনিকের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ উঠেছিল। এসব ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল বলেও জানান তারা।
ছাড়া পাওয়ার পর অনিকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা একজনকে চুরির অভিযোগে আটক করেছে বলে থানায় খবর আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে ছেড়ে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে অনিক মাদকসেবী বলেও তথ্য পাওয়া গেছে।




















-a3736b-256x144.webp)