গাজায় হাজার হাজার অস্থায়ী ঘর আটকে রেখেছে ইসরায়েল, অভিযোগ তুরস্কের

গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য পাঠানো হাজার হাজার অস্থায়ী ঘর প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল— এমন অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, শীত ও বৃষ্টির মধ্যে তাঁবুতে বসবাস করা লাখ লাখ ফিলিস্তিনির জন্য এসব ঘর জরুরি হলেও ইসরায়েল নিরাপত্তার অজুহাতে সেগুলো আটকে রেখেছে। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান এসব কথা বলেন। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট ও কূটনৈতিক প্রতিনিধিরা গাজায় ত্রাণ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে কাজ করছেন। কিন্তু ধাতব কাঠামোর তৈরি কনটেইনার ঘর প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তাদের দাবি, এসব কাঠামো হামাস অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারে।
ফিদান বলেন, গাজায় কিছু খাদ্য প্রবেশ করতে পারলেও মানুষের প্রয়োজন শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে আবাসন, চিকিৎসা, পানি ও অন্যান্য মৌলিক সেবারও তীব্র সংকট রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বন্ধ হয়নি এবং প্রয়োজনের তুলনায় খাদ্য সরবরাহ অত্যন্ত সীমিত।
সম্প্রতি ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু প্লাবিত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় দুই লাখের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বন্যার ঝুঁকি রয়েছে।
ফিদান বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়ে আন্তর্জাতিক মনোযোগ ব্যস্ত থাকলেও গাজার পরিস্থিতি আড়ালে যেতে দেওয়া হবে না। প্রতিটি আন্তর্জাতিক আলোচনায় ফিলিস্তিনের বিষয়টি তুলে ধরবে আঙ্কারা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ এগোচ্ছে না। নির্মাণসামগ্রী প্রবেশে বিধিনিষেধ এবং আবাসন সংকটের কারণে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। তুরস্কের অভিযোগ, এই পরিস্থিতিতে অস্থায়ী ঘর প্রবেশে বাধা দেওয়ায় শীত ও বৃষ্টির মৌসুমে গাজার মানুষের ঝুঁকি আরও বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি













