ব্রেন্ট ক্রুড ১০৫ ডলার পার: বিশ্ববাজারে তেলের বাজারে চড়া ভাব

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত সাড় ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৩২ ডলারে উঠেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী তৎপরতার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো বাজারে বড় প্রভাব ফেলছে। এ অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বৃদ্ধির কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়টিই আপাতত দাম বাড়ানোর পেছনে প্রধান ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল সরবরাহ ও মূল্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।

















