ভারিতে আরও ২১০০ টাকা কমলো সোনার দাম, কমেছে রুপাও

দেশের বাজারে সোনা ও রুপার দাম আরও এক দফা কমেছে। এবারে ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ২১০০ টাকা। একই মানের রুপার দাম কমেছে প্রতি ভরিতে ১৭৫ টাকা। তাতে ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরির নতুন দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই মানের প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ৮৪৯ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা-রুপার নতুন এ দাম ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম পড়বে দুই লাখ ১৪ হাজার ৮৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনার দাম পড়বে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এদিকে দাম কমানোর পর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম এখন তিন হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট মানের রুপার ভরি ৩ হাজার ১৫০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার নতুন দাম দুই হাজার ৩৯১ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দিন সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। দেশের বাজারে তেজাবী সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়াসহ সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুস বলছে, নতুন এ দামের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ক্রেতার কাছে সোনা-রুপার দামের ওপর আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
অলংকার বদলের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে বাকি মূল্যের ওপর ১২ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিয়ে হিসাব করা হবে বলে জানিয়েছে বাজুস। এসব ক্ষেত্রে আলাদাভাবে কোনো ভ্যাট বাদ দেওয়া যাবে না।
এর আগে বৃহস্পতিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৬ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করে। একই বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেট মানের রুপার দাম নির্ধারণ করা হয় চার হাজার ২৪ টাকা। বৃহস্পতিবার থেকে এ দর কার্যকর ছিল। ২৪ ঘণ্টার মাথায় ফের সোনা-রুপা দুটির দামই কমলো।















