গলফ, বিনোদন ও করপোরেট আড্ডার নতুন ঠিকানা বসুন্ধরা সুপার গলফ

গলফ খেলার পাশাপাশি বিনোদন, আড্ডা ও করপোরেট আয়োজনের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। প্রযুক্তিনির্ভর গলফের সঙ্গে খাবার, পারিবারিক বিনোদন, মিটিং ও সামাজিক আয়োজনের নানা সুবিধা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই গলফ ও বিনোদনকেন্দ্র।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সানভীর বসুন্ধরা গ্রুপের (এসবিজি) ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বসুন্ধরা সুপার গলফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা সুপার গলফের চীফ অপারেটিং অফিসার রেজাউর রহমান খান জানান, সাধারণ গলফ কোর্সে শট দেওয়ার পর বল খুঁজতে হয় ঝোপঝাড় কিংবা মাঠের কোণে। কিন্তু বসুন্ধরা সুপার গলফে এই চিরাচরিত দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। ড্রাইভ করার পর শট নেওয়া বলটি মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে সোজা চলে যায় সংগ্রহস্থলে।
‘সেখানে অটোমেটিক মেশিনে ধুয়ে-মুছে পরিষ্কার হওয়ার পর বলটি পাইপলাইন ধরে আবারও খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে পৌঁছে যায়। খেলোয়াড় তখন প্রস্তুত পরবর্তী শটের জন্য—নেই কোনো বল খোঁজা বা কুড়ানোর ঝামেলা,’ যোগ করেন তিনি।
পুরো প্রসেসটিই চলে হাই-টেক অটোমেশনের মাধ্যমে। অসাধারণ এই আয়োজনের মূল দর্শন— মোর দ্যান গলফ। অর্থাৎ এটি কেবল খেলাধুলার জায়গা নয়; পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক আড্ডার এক পূর্ণাঙ্গ ও ইনক্লুসিভ বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে ডিলাক্স বে ও ভিআইপি সুইটস।
গলফ ও প্রযুক্তির সমন্বিত আয়োজন
প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রতিটি বেতে একসঙ্গে সর্বোচ্চ ৬ জন খেলতে পারবেন। আছে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’, যারা খেলোয়াড়দের শট ও খাবারের সার্ভিস দেবেন। সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ধাপে (অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক) ঘণ্টাভিত্তিক সাশ্রয়ী খরচে খেলা যায়।
তৃতীয় তলায় অবস্থিত ১৭টি ভিআইপি সুইটে ১৬ জন পর্যন্ত সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট রুম, প্রেজেন্টেশন ও মিটিং ব্যবস্থা, সাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিসের সুবিধা থাকায় এগুলো করপোরেট মিটিং ও প্রিমিয়াম গেট-টুগেদারের জন্য সেরা পছন্দ।
অ্যাপের সাহায্যে ডিজিটাল ট্র্যাকিং করে নিজের সেরা শট রেকর্ড ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সুবিধা রয়েছে।
এ ছাড়া চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের সাহায্যে ঘরের ভেতরে বসেই স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’সহ বিশ্বের ২০৭টি বিশ্বখ্যাত কোর্সে খেলার অনুভূতি নেওয়া যাবে। এতে উঁচু-নিচু ভূপ্রকৃতি এবং পাটিংয়ের বিশেষ ট্রেইনিং সুবিধাও রয়েছে। কোচের অধীনে গলফ শেখার জন্য রাখা হয়েছে আলাদা সিমুলেটর ব্যবস্থা।
বিনোদন, আড্ডা ও পরিবারের জন্য সুবিধা
ইউরোপের ১৮ হোল গলফ খেলার পর খেলোয়াড়দের ঐতিহ্যবাহী আড্ডার রীতিকে বাস্তবে রূপ দিয়ে গড়ে তোলা হয়েছে চমৎকার রেস্টুরেন্ট নাইনটিনথ হোল। আন্তর্জাতিক স্বাদের জন্য থাকছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না (চাইনিজ ও জাপানিজ থিম) এবং আরবান ক্রেভ।
গলফের পাশাপাশি তিনটি বিলিয়ার্ড বোর্ডে আড্ডা দেওয়ার সুযোগ থাকছে। ২ থেকে ১০ জনের জরুরি বৈঠকের জন্য ৫টি মিটিং রুম এবং সামাজিক/মেহেদি সন্ধ্যার জন্য সুপরিসর ব্যানকুইট হল।
পাবলিক প্লেসে বাচ্চাদের সামলানোর চিন্তা দূর করতে তৈরি হয়েছে কিডস ক্লাব। মোবাইল বা গেমের স্ক্রিন থেকে শিশুদের বের করে এনে সুস্থ সামাজিক পরিবেশে মেলামেশা, জন্মদিন পালন ও আনন্দঘন সময় কাটানোর আদর্শ স্থান এটি। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার জন্য কমপ্লেক্সে রয়েছে একটি সুসজ্জিত মেডিকেল রুম।
মেম্বারশিপ ও অফার
বসুন্ধরা সুপার গলফে নিয়মিত গলফারদের জন্য রয়েছে প্লাটিনাম (বার্ষিক ২ লাখ টাকা) ও প্লাটিনাম প্লাস (বার্ষিক ৫ লাখ টাকা) মেম্বারশিপ। এতে আনলিমিটেড প্লে, ফুড ও ইভেন্টে বিশেষ ছাড়সহ নানাবিধ সুবিধা মিলবে। এ ছাড়া করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও থাকছে।
বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ন গমেজের মতে— প্রযুক্তি, স্পোর্টস ও আভিজাত্যের সংযোগে কেন্দ্রটি খুব দ্রুতই সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের এক দারুণ হাব হিসেবে গড়ে উঠবে।














-1bec3e-256x144.webp)

