রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা ও বাকির সুযোগ

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, ডাল, তেল ও চিনিসহ ১০টি রোজনামচা পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের ঋণ সুবিধা বা বাকিতে অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে আমদানিকারকদের নগদ অর্থের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবছরই রমজান মাস এলে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, ছোলা ও খেজুরের বাজারে বাড়তি চাপের সৃষ্টি হয়। বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানিকারকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলাসহ এই ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। পণ্য বিক্রি করে নির্ধারিত মেয়াদে ব্যাংকের দায় পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এ সুবিধা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ সৃষ্টি হচ্ছে এবং রমজানে সেটা আরও বাড়তে পারে, রমজানে সেটা আরও বাড়তে পারে এই সংকেতটা আর রাখতে চাচ্ছে না, যাতে মানুষকে কিছুটা ব্রিদিং স্পেস দেয়ার জন্য মূলত এই সার্কুলারটি জারি করা হয়েছে।’
রমজানের বাজার সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আমদানিকারকরা। তাদের মতে, আমদানির ক্ষেত্রে নগদ অর্থের চাপ কমলে আগেভাগেই পণ্য আনার সুযোগ তৈরি হবে। এতে বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি আমদানির ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।
বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার সাহা বলেন, ‘কেউ যদি ইমপোর্ট করতে চায় তার আগে মূলধনটা দরকার হবে। কিন্তু এই ক্ষেত্রে সে কম মূলধনেও সে ব্যবসাটা চালিয়ে যেতে পারে, তো প্রোডাক্টটা এভেলেবেল হবে, পুঁজিটা ব্লক থাকবে না, রুলিং হবে। এক পুঁজি দিয়া মানে সে একটা পুঁজি দিয়া চারটা কনসাইনমেণ্ট করতে পারবে, তাহলে সরবরাহ ব্যবস্থা অনেক ইমপ্রুভ করবে।’
তবে অর্থনীতিবিদদের মতে, আমদানিতে ঋণসুবিধা দিলেই বাজার স্থিতিশীল হবে, এমন নিশ্চয়তা নেই। আমদানির পরিমাণ, মজুত, পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য এবং সরবরাহ ব্যবস্থায় নজরদারি জরুরি। পাশাপাশি বছরজুড়ে চাহিদা বিবেচনায় আমদানির পরিকল্পনা থাকলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমবে।
অর্থনীতিবিদ ড. সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘পার্মানেন্টলি আসলে রাষ্ট্রের এই জায়গাটা ডিমান্ড প্যাটার্নটাকে যে গ্রোথটা হচ্ছে সেই অনুযায়ী ইমপোর্ট কত আগামী বছর বাড়বে সব ফোরকাস্টিং করে যদি আমাদের ক্যালেন্ডারের সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখে, তাহলে দেখবেন যে বর্তমানে না ভবিষ্যতেও এই ব্যবস্থাপনার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের রমজান আসলেই বাড়বে সেই জায়গাটা মানুষের টেন্ডেন্সিটাও কম থাকবে।’
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে আমদানি বাড়লেও শেষ পর্যন্ত তার সুফল কতটা পৌঁছাবে সাধারণ ভোক্তার কাছে, সেটিই এখন বড় প্রশ্ন।









-588a39-256x144.webp)



