চাপ থাকলেও দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি সঠিক পথেই রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নানা চাপ থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো থেকে আমরা (নানা জটিলতা) ইনহেরিট করেছি। মধ্যপ্রাচ্য যুদ্ধও প্রভাব ফেলছে। সব মিলিয়ে চাপের মধ্যে আছে দেশের অর্থনীতি। তারপরও সবকিছুর মধ্যে অর্থনীতি সঠিক পথে আছে এবং ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের ওয়ার্কিং গ্রুপ আইএমএফের সঙ্গে কাজ করছে। আশা করছি, আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই চূড়ান্ত রূপ পাবে।
দেশে রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস— উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে আসেনি। পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে আশা করছি।
অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে। এর ফলে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে।
রাজস্ব আয়ে পিছিয়ে পড়ার বিপরীতে নতুন পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কি না— জানতে চাইলে আমির খসরু বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট। প্রতিটি সরকারি ব্যয়ে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ পাওয়াটা মূল বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি। এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সংস্থার পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থায়নের কার্যক্রম পরিচালিত হয়।
















