১ ডলারেরও কম ট্রাম্পের মিম কয়েন, বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা

নিজের নামে চালু করা ক্রিপ্টোকারেন্সি মিম কয়েনের মূল্য ১ ডলারের নিচে নেমে যাওয়ার মধ্যেই বিনিয়োগকারীদের নিয়ে আবারও গালা আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগের আয়োজনগুলোর তুলনায় এবার বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসা নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) ওয়াশিংটনের বাইরে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাব ট্রাম্প ন্যাশনালে এ আয়োজন করা হয়।
ট্রাম্পের মিম কয়েন প্রকল্পের ওয়েবসাইটে দেওয়া তালিকায় এবারের অনুষ্ঠানের জন্য ১৮৫টি ক্রিপ্টো ওয়ালেটকে যোগ্য বলা হলেও প্রতিযোগিতার শেষ দিনে তালিকায় ছিল মাত্র ১৩০টি ওয়ালেট। এসব ওয়ালেটে থাকা কয়েনের সম্মিলিত মূল্য ছিল প্রায় ৮৬ লাখ ডলার। অথচ ২০২৫ সালের মে মাসে প্রথম গালা আয়োজনের সময় তালিকাভুক্ত বিনিয়োগকারীদের হাতে থাকা কয়েনের মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৮০ লাখ ডলার।
অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা সবচেয়ে বেশি পরিমাণ ট্রাম্প মিম কয়েন ধরে রেখেছেন, তাদের মধ্য থেকে অতিথি নির্বাচন করা হয়। তালিকার শীর্ষ ২৯ জনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ ভিআইপি অভ্যর্থনায় অংশ নেওয়ার সুযোগ এবং উপহারসামগ্রীর ব্যবস্থা ছিল। শীর্ষ চারজনকে দেওয়ার কথা ছিল ট্রাম্পের ব্র্যান্ডযুক্ত ১৮ ক্যারেট সোনার ঘড়ি।
২০২৫ সালের জানুয়ারিতে চালুর পর ট্রাম্পের মিম কয়েনটির দাম একপর্যায়ে প্রায় ৭৫ ডলারে উঠেছিল। কিন্তু এরপর ধারাবাহিক দরপতনে বর্তমানে এর মূল্য এক ডলারেরও নিচে। ফলে শুরুর দিকে উচ্চ দামে কয়েন কেনা অনেক বিনিয়োগকারী বড় অঙ্কের লোকসানে পড়েছেন। রয়টার্সের হিসাবে, ট্রাম্পের মিম কয়েন থেকে তার পরিবারের আয় হয়েছে অন্তত ৬৩ কোটি ৫০ লাখ ডলার।
এদিকে ট্রাম্প পরিবারের অন্যান্য ক্রিপ্টো-সংশ্লিষ্ট ব্যবসার মূল্যও কমেছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, পরিবারের পাঁচটি প্রধান ক্রিপ্টো ও ক্রিপ্টো-সংশ্লিষ্ট প্রকল্পে বাইরের বিনিয়োগকারীদের সম্মিলিত লোকসান ৫০০ কোটি ডলারের বেশি।
ট্রাম্পের এই ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্কও বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকা ডেমোক্র্যাট নেতারা এসব উদ্যোগের স্বার্থের সংঘাত খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসার সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
অন্যদিকে হোয়াইট হাউজ আগে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট বা তার পরিবারের সদস্যরা স্বার্থের সংঘাতে জড়িত নন। তবে প্রেসিডেন্টের নিজের নামে পরিচালিত ক্রিপ্টো ব্যবসা এবং সেই মুদ্রার বড় বিনিয়োগকারীদের সঙ্গে তার সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নৈতিকতা ও জবাবদিহির প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ









-56a314-256x144.webp)






