আইসিটি খাত ও গ্রিন শিল্পে পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলার চুক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

আইসিটি খাতের উন্নয়ন এবং গ্রিন কারখানা ও গ্রিন শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে গ্রাহকদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় স্বল্প সুদে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে চুক্তি দুটি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে ঋণ দেওয়া হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য ক্রেতাদের আকর্ষণ করে রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমাতে সহায়তা করবে এ উদ্যোগ।

এ স্কিমে ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। একজন গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

অন্যদিকে, উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত আইসিটি খাত ও এর উপখাতের উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার জন্য আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিমটি প্রণয়ন করা হয়েছে। হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তারা এ স্কিমে অগ্রাধিকার পাবেন।

এ ক্ষেত্রেও ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement