বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাদ পড়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে বাদ দিয়ে কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির কমিশন সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত এই পর্ষদ অনুমোদন করা হয়।
বিএসইসি সূত্র জানিয়েছে, পুনর্গঠিত পর্ষদে মোট সদস্য থাকছেন ৯ জন। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালক তিনজন— আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে চারজনকে। কোম্পানির শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে পর্ষদে। পাশাপাশি কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদাধিকারবলে পর্ষদের সদস্য রাখা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। একাধিক মামলায় তার বিচার চলছে।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া চিঠিতে জানানো হয়, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তার সম্মতির ভিত্তিতেই তাকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।
কোম্পানির ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকেও পর্ষদ পুনর্গঠনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার নতুন পর্ষদ অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে রাজনৈতিক ও ব্যবসায়িক নানা চাপের মধ্যেও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আর্থিক কার্যক্রমে মুনাফা অব্যাহত রয়েছে। কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।



















