তৃতীয় এলএনজি টার্মিনাল পাচ্ছে চীনা প্রতিষ্ঠান, সরকারি ক্রয় কমিটির অনুমোদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনে চীনা প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে। প্রতীকী ছবি
মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনে চীনা প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে। প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের অনুমোদন পেয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। বিভিন্ন দেশের আগ্রহ ও প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত সিএনইইর প্রস্তাবেই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। জিটুজি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নে ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

গত ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইইর প্রস্তাবটি নীতিগতভাবে প্রক্রিয়াকরণের অনুমোদন দেয়। ১৩ অক্টোবর সরকারি ক্রয় কমিটিতে উঠলেও তা ফেরত যায়। প্রায় এক মাস পর আগের ব্যয়ের কাঠামো অপরিবর্তিত রেখেই প্রস্তাবটি অনুমোদন পেল।

সিএনইইর এ প্রস্তাবে দৈনিক সেবামূল্য ধরা হয়েছে তিন লাখ ৪২ হাজার ডলার। বর্তমানে এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজিকে দৈনিক দিতে হয় যথাক্রমে দুই লাখ ৫৪ হাজার ও দুই লাখ ৪৯ হাজার ১১৫ মার্কিন ডলার। অর্থাৎ নতুন টার্মিনালের সেবামূল্য ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি হবে।

২০২৪ সালে মহেশখালীতে দ্বিতীয় একটি এফএসআরইউ স্থাপনে সামিট গ্রুপের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করেছিল পেট্রোবাংলা। দৈনিক তিন লাখ ডলার সেবামূল্যের ওই চুক্তি একই বছরের অক্টোবরে বাতিল করা হয়। এ নিয়ে সামিট আদালতের আশ্রয় নেয়। বিষয়টি এখনো বিচারাধীন।

এ প্রকল্প পেতে আগ্রহী ছিল একাধিক দেশের প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনএস এনার্জি নেভিগেশন একই এলাকায় টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল। চীনের চায়না মার্চেন্টস ইন্ডাস্ট্রি (সিএমআই) ও ইউ লিয়ান ডকইয়ার্ডস একই প্রস্তাব দিয়েছিল যৌথভাবে। এ ছাড়া সৌদি আরবের আরামকো, আজারবাইজানের সকার ও ওমানের ওকিউ ট্রেডিং আগে টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের দায়িত্ব গেল চীনের হাতে।

সভায় আরও যত সিদ্ধান্ত

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একই বৈঠকে আরও কিছু প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব। কৃষি উৎপাদন সচল রাখতে মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় কাফকোর কাছ থেকেও ইউরিয়া কেনার প্রস্তাব।

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আরও ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা যুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে বৈঠকে। এতে মূল চুক্তির ২৯ দশমিক ১৮ শতাংশ বেড়ে এই এক্সপ্রেসওয়ের খরচ দাঁড়িয়েছে তিন হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ টাকায়।

৩৩৯ কোটি ৪৩ লাখ টাকায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত এ কমিটি। পরিবার পরিকল্পনা কার্যক্রমের জন্য পপুলার ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ৯৬ কোটি ৫৪ লাখ টাকায় এক কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি কেনার সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনের পরামর্শক হিসেবে ইউএনডিপি বাংলাদেশকে নিয়োগের প্রস্তাব রয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ টাকা। মাদারীপুরে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য কম্বল কেনা এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও রয়েছে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি কেনা হবে।

আর রমজানের জন্য ছয় হাজার ২০০ টন খেজুর আমদানির দরপত্রের সময়সীমা কমানো এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রেও সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad