আরও ২৫০০ কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসলামী ব্যাংক পিএলসির লোগো
ইসলামী ব্যাংক পিএলসির লোগো

তারল্য সংকটের মুখে থাকা ইসলামী ব্যাংককে দ্বিতীয়বারের মতো আড়াই হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ইসলামী ব্যাংক দুই দিনে দুই দফায় পাঁচ হাজার কোটি টাকা পেল কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তবে তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকের চাহিদা ছিল ১০ হাজার কোটি টাকা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে।

এর আগে চলমান সংকটের মধ্যে রোববার রাতে ইসলামী ব্যাংকের নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান খুরশীদ আলমসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

এর আগে রোববার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দেয় ইসলামী ব্যাংক। প্রশাসক নিয়োগের পর সোমবার আবার আড়াই হাজার কোটি টাকা দেওয়া হলো।

ইসলামী ব্যাংক ঘিরে চলমান সংকটের সূচনা গত ২৪ মে ঈদুল আজহার ছুটির আগে শেষ কর্মদিবসে। ওই দিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এম জুবায়দুর রহমান। সে রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

এ নিয়োগ নিয়ে নানা বিতর্ক দেখা দেয় এবং নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরাম’। ১ জুন ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে এই ফোরাম। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। ওই সময় থেকেই ইসলামী ব্যাংক ঘিরে আন্দোলন চলে আসছে।

চলমান এ আন্দোলনের মধ্যে গ্রাহকরা আমানত তুলে নিতে থাকেন বলে জানায় ইসলামী ব্যাংক। গণমাধ্যমের খবর, এক সপ্তাহ থেকে ১০ দিনের ব্যবধানে গ্রাহকরা পাঁচ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছে ব্যাংকটি থেকে। এতে তারল্য সংকটে পড়ে ব্যাংকটি।

ইসলামী ব্যাংক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, নিয়মিত পরিচালনগত কাজ ছাড়া অন্য কিছু তিনি করবেন না। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। সেটা আগের মর্যাদায় নিয়ে যেতে চাই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement