এনসিপির ছায়া বাজেট— প্রস্তাব ৭১টি, প্রতিপাদ্যে ‘বাংলাদেশ ২.০’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুন ২০২৬, ২২: ১৬
শুক্রবার ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত
শুক্রবার ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

জাতীয় বাজেট সামনে রেখে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে এই ছায়া বাজেট দিয়েছে এনসিপি।

আজ শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে এনসিপির ছায়া বাজেট কমিটি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতেও এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

এনসিপির নেতারা রাজস্ব ও সামষ্টিক অর্থনীতি, রাজস্ব কাঠামো ও করজাল সম্প্রসারণ, কর ন্যায়বিচার ও সংস্কার, শিক্ষা ও কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরিষ্কার জ্বালানি ও পরিবেশ, নারী, যুব ও অন্তর্ভুক্তি, সরকারি কর্মচারী ও শাসন সংস্কার, ব্যাংকিং, মূলধন বাজার ও অর্থায়ন, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা খাতে প্রস্তাবগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের রেখে যাওয়া একটি সংকটাপন্ন অর্থনীতি হাতে পেয়েছে, যেখানে খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি। প্রতিবছর ১২ বিলিয়ন ডলারের বেশি জ্বালানি আমদানি করতে হয়, যা দেড় লাখ কোটি টাকার বেশি। অপব্যবহারের ক্যাপাসিটি চার্জের বোঝা বাংলাদেশের অর্থনীতিকে বহন করতে হয়।’

অর্থনীতি নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত। এসব পদক্ষেপ থেকে সরে আসার অভিযোগ তুলে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সময়ে পরিসংখ্যানকে বিকৃত করে জনগণের কাছে অর্থনীতির প্রকৃত চিত্র লুকানো হয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি প্রচলন করেছিল, ডলারের দাম নিয়ন্ত্রণে বাজারভিত্তিক বিনিময় হার চালু করেছিল এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ চালু করেছিল।’

ব্যাংকগুলোয় জবাবদিহিতা নিশ্চিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫ করা হয়েছিল উল্লেখ করে ‘তা বিএনপি সরকার ডিস্টর্ট করেছে’ বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় অবকাঠামোগত উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে প্রধান নিয়ামক ধরে চেষ্টা করা হয়। অন্তর্বর্তী সরকার অর্থনীতি প্রশস্ত করার একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করেছে, বিএনপি সরকার তা থেকে দূরে সরে এসেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির ছায়া বাজেট প্রণয়ন কমিটির উপ-প্রধান আব্দুল্লাহ আল ফয়সাল, দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহবায়ক সজিব ওয়াহিদ।

রাজনীতি/আইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement