৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ নেতারা প্রথমে সেখানে উপস্থিত হন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
বিকেল পৌনে ৪টার পর বাংলামোটর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা দক্ষিণ এনসিপির একটি বড় মিছিল সমাবেশস্থলে আসে। আনুষ্ঠানিকতা শুরুর দুই মিনিট পর আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর এনসিপির মিছিলও সেখানে যোগ দেয়। বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ এ গণবিক্ষোভের আয়োজন করেছে এনসিপি।
সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—
- ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
- একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
- মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী সব আইন বাতিল করতে হবে এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করা যাবে না।
- জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।
সমাবেশের মঞ্চের ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বড় ছবি টাঙানো হয়েছে।
বেলা ৩টার আগে থেকেই বাংলামোটরে এনসিপির কার্যালয়ের নিচে ও শাহবাগে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তাদের অনেকেই বাসে করে সমাবেশে আসেন। বাংলামোটর-সংলগ্ন নেভিগলি এলাকায় নেতাদের বহনকারী কয়েকটি বাস দেখা যায়।














-483af6-256x144.webp)

-68ed53-256x144.webp)