ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসিফ মাহমুদ (বাঁয়ে) ও নাসীরুদ্দীন পাটওয়ারী (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম
আসিফ মাহমুদ (বাঁয়ে) ও নাসীরুদ্দীন পাটওয়ারী (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দুই প্রার্থীর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। সন্ধ্যায় দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার আনুষ্ঠানিক ঘোষণা এলেও গত সোমবারই (৭ সেপ্টেম্বর) আসিফ ও নাসীরের ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হওয়ার আভাস মিলেছিল। সে দিন আসিফ নিজের ভোটার এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে উত্তরে স্থানান্তর করেন। একই দিন নাসীর তার ভোটার এলাকা ঢাকা উত্তর থেকে স্থানান্তর করেন ঢাকা দক্ষিণে।

এর আগে গত মার্চে এনসিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফকে ও ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করেছিল। ৭ সেপ্টেম্বর দলের একাধিক নেতা জানান, সে সিদ্ধান্তে পরিবর্তন আনার সিদ্ধান্তের অংশ হিসেবেই আসিফ ও নাসীর ভোটার এলাকা পরিবর্তন করেছেন। কারণ যেকোনো জায়গার ভোটার জাতীয় নির্বাচনে যেকোনো আসনে প্রার্থী হতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীকে তার নির্বাচনি এলাকার ভোটার হতে হয়।

রোববার দুই সিটির মেয়র প্রার্থীর চূড়ান্ত এ সিদ্ধান্ত এসেছে দলীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় সভা শেষে। সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সার্বিক দিকনির্দেশনাও দিয়েছেন নাহিদ ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা, জুলাইয়ে হতাহতদের পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দিয়েছেন নাহিদ ইসলাম।

সভায় ঘোষিত দুই মেয়র প্রার্থী আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীর