প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতা। আজ সোমবার দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) গভীর রাতে এনসিপির পক্ষ থেকে বৈঠকের বিষয়টি জানানো হয়। দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সাংবাদিকদের গ্রুপে পাঠানো বার্তায় এ তথ্য জানান।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। রাতে দলের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করে বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদল চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে বিএনপি বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়। এর মধ্যেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচি জানানো হলো।
এর আগে রোববার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা বলেন। তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর বৈঠকের সময়সূচি জানায় এনসিপি।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদে চব্বিশের আন্দোলনের মতো জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসব নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে দায়ী করেন।
সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পলাতক নেত্রীর’ এমন নির্দেশের কথা দেশবাসী জেনেছে। একই বক্তব্যে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরের গণতান্ত্রিক শক্তিগুলোকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এমন রাজনৈতিক পরিস্থিতিতে রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর সংলাপের খবর প্রকাশিত হয়। এনসিপির পর জামায়াতে ইসলামীসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্য দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে ওই সব প্রতিবেদনে বলা হয়।












-014895-256x144.webp)

-d971e3.jpg)

