আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি এবং বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং পাটজাত পণ্য আমদানির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব আহ্বান জানান বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. সরওয়ার আলম।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য মানসম্পন্ন এবং দামের দিক থেকে প্রতিযোগিতামূলক। বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ নেওয়ার অনুরোধও জানান তিনি।
এ বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে তার দেশের ইতিবাচক উদ্যোগের কথা জানান।
বিনিয়োগ ও ভিসা সহজ করার আহ্বান
ভিয়েতনামের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এসব খাতে বিনিয়োগের জন্য তিনি ভিয়েতনামের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি জানান। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্টের কাছে শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি ওই রায়ে উঠে এসেছে। রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। বাসস।


-1996a7.jpg)













