জামায়াত নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ রাশেদের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ তিন নেতার বিরুদ্ধে ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছেন পরওয়ার। অন্যদিকে রাশেদ খাঁন তার দাবি শতভাগ সত্য বলে জানিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মাগরিবের পর হওয়া বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে জামায়াত নেতা এ টি এম মা’ছুমও উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা কী কারণে ও কোন স্বার্থে দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। তাঁর ভাষ্য, ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।
তিনি আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতি করলে গোপন বৈঠকের বিষয়টি পরিষ্কার করবেন বলে আশা করেন তিনি। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন রাশেদ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা এই ষড়যন্ত্রের প্রথম ধাপ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ দাবি সম্পূর্ণ অসত্য। তার মন্তব্য, অভিযোগের পক্ষে ছবি থাকলে তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও তৈরি করা সম্ভব।
পরওয়ারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, সব বৈঠকের ছবি থাকে না। বৈঠকটি শতভাগ সত্য বলে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক কি ছবি তোলার জন্য করা হয়?













