জামায়াতকে ভোট দেওয়া ‘জায়েজ’ হবে না, ‘জিহাদ’ ঘোষণা হেফাজত আমিরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৫৮
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে দেশবাসীকে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। জামায়াতকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদরাসায় বোখারি শরিফ খতম উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কড়া ভাষায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো ইসলাম নয়। এদের লগে মদীনার ইসলামের কোনো সম্পর্ক নাই।’ তেঁতুলতলার মাদানি রহমতুল্লাহি আলাইহির উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, জামায়াতের অনুসারীরা ইসলামের ছদ্মবেশ ধরে আছে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘এরা যখন মসজিদে যায়, ওজু করার ঢং খুঁজে পায় না। এরা ওখানে গিয়ে আলহামদু পড়ার ঢং খুঁজে পায় না। এরা কি মুসলমান, যারা ইসলামের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের কোনো পার্থক্য খুঁজে পায় না?’

হেফাজতের আমির অভিযোগ করেন, জামায়াতে ইসলামী কোরআনের বিধান তথা পর্দা প্রথা মানে না। তিনি বলেন, ‘তারা পর্দার বিরুদ্ধে। তারা শরিয়তের মধ্যে নাই। কোরআনে পর্দার কথা আছে, তারা পর্দা মানে না।’

​রাজনৈতিকভাবে জামায়াতকে ‘একঘরে করা’র পাশাপাশি ‘জিহাদের’ ডাক দিয়ে বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানকে বলব, এদের ভোট দেওয়া হারাম। জায়েজ হবে না। আমরা এদের বিরুদ্ধে জিহাদ করছি। কার বিরুদ্ধে? এই ভোটচোর জামায়াতের বিরুদ্ধে।’

হেফাজতের আমির আরও বলেন, এই ‘ভোটচোর’দের রুখতে পারলে বাংলাদেশের জমিনে ইসলামের প্রকৃত জয় হবে এবং ‘রক্তচোষার গুষ্টি’ শেষ হয়ে যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির