শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে স্বেচ্ছায় ফিরে আসার সম্ভাবনা এবং তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত পাঠানোর বিষয় দুটি সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছে ভারত।

নয়াদিল্লি বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ করা হয়েছে, সেটি যথাযথ প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে কোনো নাগরিক কোনো ধরনের ট্রাভেল পাস নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের থেকে আলাদা বিষয়।

বার্তা সংস্থা এএনআইসহ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণের অনুরোধটি আগেও যেমন বলেছি, আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিক ভ্রমণ নথির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণার কথা প্রকাশিত হওয়ার পরদিন এ প্রতিক্রিয়া এলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। রয়টার্সে শেখ হাসিনার একজন মুখপাত্র বলেন, তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা থেকে দিল্লিতে বিমান পাঠানো হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য শেখ হাসিনা ও তার মুখপাত্রের বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাস্তবতার সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের মিল নেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কেবল ভারত সরকারের সঙ্গে সরকার আলোচনা করবে, তার নিজের সঙ্গে নয়।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল আরও বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যেকার। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলার মতো অতিরিক্ত কিছু নেই। তবে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে তিনি পৃথকভাবে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড সাজা দেন।

এরপর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ। তবে সে অনুরোধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad