৬২ বছরে তারেক রহমান, নেই দলীয় কর্মসূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১: ৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ এই সন্তান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

সরকারপ্রধান হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন। এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে আগের মতোই এ দিনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকেও কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

দলীয় নির্দেশনা মেনে কোনো ধরনের আড়ম্বর না করে সেবামূলক কর্মকাণ্ডে দিনটি পালনের উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশেষ ‘বই উৎসব’ আয়োজন করা হয়েছে। এতে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদরাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানের ডাকনাম পিনো। তার শৈশব কেটেছে সাধারণ ও সাদামাটা পরিবেশে। ছাত্রজীবনেই বাবার গড়ে তোলা দল বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই জয় পান খালেদা জিয়া। তখন থেকে রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে যান।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের আমলে নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। তথ্যপ্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। নির্মম নির্যাতনের শিকার হয়ে একসময় স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।

এর মধ্যে দেশে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তারেক রহমানের। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দেশেও ফিরতে পারেননি তিনি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে।তিনি নিজে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাবা ও মায়ের পর ছেলের দেশ পরিচালনার বিরল এক নজির স্থাপন করেন এর মধ্যে দিয়ে।

বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেছেন, তিনি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক তার অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।

তারেক রহমানের স্বপ্নের মধ্যে আরও রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় প্রতিষ্ঠিত করা। সামগ্রিকভাবে এসব উদ্যোগ ও প্রত্যাশার মধ্য দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ, গণতান্ত্রিক জবাবদিহি এবং টেকসই জাতীয় উন্নয়নের প্রতি গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad