জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে থাকা ৫০টির বেশি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা অপসারণ করেছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মাহদী আমিন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে জাইমা রহমানের কেবল দুটি অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো ব্লু টিক দেওয়া। এর বাইরে তার নামে থাকা ৫০টির বেশি ভুয়া আইডি ও পেজ সরিয়ে ফেলা হয়েছে। এসব আইডি ও পেজ থেকে এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া ছাড়া তার আর কোনো অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’

মাহদী আমিন বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে ডিপফেক ও এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে। সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।’

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নামেও বেশ কয়েকটি ভুয়া পেজ আছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, ‘এসব পেজ থেকে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। আমরা নিশ্চিত করছি, জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। সুতরাং, সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement