নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল হতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনীতি করে রাতারাতি ধনী হওয়া কিংবা ব্যক্তিগত সুবিধা আদায় করা বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। দলের নেতাকর্মীরা যেন অন্যের জায়গা দখল বা লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। বিএনপির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, কে কোন পদ পেলেন, সেটি মুখ্য নয়। সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সহযোগিতা করা সবার দায়িত্ব। তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাই প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আসন্ন দুর্গাপূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে পাহারা ও নজরদারির দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ডিজেলের ঘাটতি কৃষি উৎপাদনের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডালসহ অন্যান্য ফসল উৎপাদনে ডিজেলের প্রয়োজন হয়। জ্বালানি সংকটের কারণে একপর্যায়ে রান্নার চুলা জ্বালানো ও কলকারখানা চালু রাখাও কঠিন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এ সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে। দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে এবং যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।











-69352a-256x144.webp)




