বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক এমপি ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
সাবেক এমপি ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) এবং দলের জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক এই এমপির ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানিয়েছেন, বুধবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সাবেক এই এমপির জানাজা হবে।

তানভীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমার আব্বু আর নেই। তিনি তার রবের কাছে চলে গেছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুক পোস্টে বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তানভীর।

ঢাকা মহানগরের শ্যামপুর-কদমতলী এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ আসনে ১৯৯১ সালে প্রথম বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জিতলেও একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার কাছে হেরে যান।

২০০১ সালের নির্বাচনে ফের একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান সালাহউদ্দিন। এরপর ২০০৮ ও ২০১৮ সালে প্রার্থী হলেও আর জিততে পারেননি তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement