ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের ২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে এ আসনটি শূন্য হয়েছিল। মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংরক্ষিত সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসি সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থক রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ২৬ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। ইসির বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
তফসিলে বলা হয়েছে, বাছাইয়ে বৈধ প্রার্থীরা ১ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ১২ নভেম্বর।
এর আগে গত ১ অক্টোবর সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।’
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৩০০ আসনের সংসদ সদস্যদের মধ্যে দলীয় আসনের অনুপাতে সংরক্ষিত আসনগুলোও বণ্টন করা হয়। বর্তমান সংসদে বিএনপি জোটের সংরক্ষিত আসনসংখ্যা ৩৬।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি থেকেই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি পদত্যাগ করায় আসনটিতে বিএনপি জোট থেকেই প্রার্থী নির্বাচিত করা হবে।




















-af5c8f-256x144.webp)
