অপকর্মে জড়ালে এমপি-মন্ত্রী কারও ছাড় নেই— সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী

দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাফ জানিয়ে দিয়েছেন, যে বা যারা অপকর্মে জড়াবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে তিনি বিএনপি নেতা নাকি সরকারদলীয় সংসদ সদস্য (এমপি), তা দেখা হবে না বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেও তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
রোববার (১১ অক্টোবর) বিএনপির সংসদীয় দলের সভায় এমন কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, এ দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা শুরু হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সভায় সভাপতিত্ব করেন।
সভায় অংশ নেওয়া সরকারদলীয় একাধিক এমপি জানান, সরকারের আট মাসের যাত্রায় কী কী কাজ হয়েছে এবং কী কী করতে চেয়েও করা যায়নি, এ বিষয়ে সবার কাছ থেকে বিস্তারিত শুনেছেন তারেক রহমান। কাজ করতে গিয়ে এমপিদের কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে বা হচ্ছে, সে বিষয়েও জানতে চান তিনি। এমপিদের নিজ নিজ সংসদীয় এলাকায় কী কী সমস্যা আছে, সে বিষয়েও তথ্য নেন।
এসবের পাশাপাশি সরকারদলীয় এমপিদের এই সভায় অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে এবং এ নির্বাচনে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচনি প্রচারে দলের কৌশল কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।
দেশের উত্তরাঞ্চলের একজন সংসদ সদস্য বলেন, সরকারের কার্যক্রমের অগ্রগতি এবং কার্যক্রম পরিচালনায় তৃণমূলে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এমপিরা নিজ নিজ এলাকায় গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছেন, তাদের ভোটারদের চাওয়া-পাওয়া কী আছে— এগুলো প্রধানমন্ত্রী জানতে চান।
সভা শেষে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, এমপিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে বলেছেন, জনগণের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, যেন জনগণ সন্তুষ্ট থাকে। দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারদলীয় আরেক সংসদ সদস্য বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনে দল যে সাফল্য পেয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও যেন সে সাফল্য অব্যাহত থাকে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন। স্থানীয়ভাবে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীরা যেন এই নির্বাচনে দলীয় মনোনয়ন পান, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।










-69352a-256x144.webp)





