জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে বিএনপির প্রেস উইং থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বিএনপির পক্ষ থেকে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। বিএনপির অভিযোগ, মূল জুলাই সনদে যেভাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, তা সুপারিশে প্রতিফলিত হয়নি।

মঙ্গলবার রাতেই বিএনপির স্থায়ী কমিটি ভার্চুয়ালি বৈঠক করেছিল। সে বৈঠকে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে তাদের যেসব 'নোট অব ডিসেন্ট' ছিল, সেগুলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় উল্লেখিত তফসিলে বাদ দেওয়া হয়েছে। এ আদেশের খসড়াকে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের জারি করা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) ও আইয়ুব খান প্রবর্তিত মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন বিএনপি নেতারা।

এ ঘটনায় বিএনপি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে। এ ধরনের কার্যক্রমকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সঠিক সময়ে না করার অপচেষ্টা হিসেবে দেখছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে একই পক্ষ ও নিজেদের প্রতিপক্ষও মনে করছে বিএনপি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement