‘জি এম কাদেরের বাসায় হামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একটি উদাহরণ’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, জি এম কাদেরের বাসভবনে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা ও ভাঙচুরের ঘটনা অশনিসংকেত। একটি নির্বাচিত সরকার যখন দেশের সব নাগরিকের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারে না, তখন সেই সরকারকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হয়।
নেতারা আরও বলেন, জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের একটি উদাহরণ হয়ে থাকবে।
বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন।

-97ca81.jpg)















