জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা, ভাঙচুর

প্রতিনিধি, রাজনীতি ডটকম
জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা, ভাঙচুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার কাচ ভাঙে। তবে বাসার গেটে তালা থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি বলে জানিয়েছেন জি এম কাদের।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।”

ঘটনার বর্ণনায় তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। প্রায় ১০ মিনিট পর তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে ভাঙচুর চালানো হয়।

জি এম কাদের বলেন, “সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না।

“জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।”

হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি ভেতরে ছিলাম, তারা কারা আমি বুঝতে পারিনি।”

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে অচেনা একটি নম্বর থেকে ফোন করে জি এম কাদেরের বাসায় হামলার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

ওসি বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই, কিন্তু কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।”

বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement