১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারি বিমান

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ফ্লাইটে করে দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ দুই বছরের মধ্যে এবারই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা।
সৈয়দ মোজাম্মেল আলি নামে শেখ হাসিনার ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”
হাসিনার এ মুখপাত্র আরও বলেছেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।”
বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে বলেন, হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে।
চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর তাকে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

-37725c.jpg)














