রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাক্ষাতের এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীর ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক’ হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে।’

বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।

এর আগে বিকেল ৩টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement