সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন। একই দিন বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও যোগ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি নিজের জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন। সেখানে বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন মির্জা আব্বাস।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে তার সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, ‘সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর গতকাল বুধবার দেশে ফিরেছেন বিএনপি জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়।
১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। দেশ ছাড়ার প্রায় সাড়ে পাঁচ মাস পর তিনি দেশে ফিরেছেন।


















