চব্বিশ নিজেদের দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের আন্দোলন বলে এককভাবে দাবি করতে থাকলে নবীনদের গঠিত রাজনৈতিক দল নবীনই থেকে যাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের মালিকানা দাবি অব্যাহত থাকলে জুলাইয়ের চেতনাও টিকে থাকবে না বলে মনে করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।”

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই কর্মসূচি পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

অভ্যুত্থানের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের একাংশ পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়ী হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব মো. মশিউর রহমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad