দাম্মামে ২ বাংলাদেশি আহত: ফের হুতি হামলার নিন্দা ঢাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি লোগো
পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি লোগো

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির বিভিন্ন স্থানে হুতিদের অব্যাহত হামলারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এ অবস্থান তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাটি হয়।

এ ঘটনায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক।

আহত দুই বাংলাদেশি হলেন— কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় জানানো হয়। এতে বলা হয়, আহত দুজন বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবারের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। পাশাপাশি সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ। বিবৃতিতে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়।

এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাদের একজন শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad