সরকার ঐক্য চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
-cbe408-480x270.webp)
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল ‘বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “কিছুদিন যাবত আমরা দেখেছি আমরা যেই ঐক্যটি তৈরি করতে চাচ্ছি, বর্তমান সরকার যেই ঐক্যটিকে তৈরি করতে চাচ্ছে, বর্তমান সরকার সকলকে নিয়ে যেখানে চলতে চাইছে, আমরা দেখছি একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তা ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও কোনো কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি সকলকে সাথে নিয়ে, গণতন্ত্রকামী সকল জনগণকে একসাথে নিয়ে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না।”
কোনো বিষয়ে বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সেখানে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সবার জন্য কাজ করার অঙ্গীকার
নির্বাচনে বিএনপি বা এর প্রার্থীদের ভোট দিয়েছেন কি না, তা বিবেচনায় না নিয়ে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে তারও সরকার হতে চায় এই সরকার, যে ভোট দেয়নি তার জন্যও এই সরকার সরকার হতে চায়।”
দেশের সব অঞ্চলের উন্নয়ন অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সুষমভাবে করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রংপুর মহানগরীর উন্নয়নে গত দুই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকারব্যবস্থার মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মধ্যে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজ নির্মাণও রয়েছে।
উন্নয়নকাজ এগিয়ে নিতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।
‘মুক্তিযুদ্ধের সময় ধর্মীয় পরিচয় বিবেচিত হয়নি’
স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত বিভিন্ন ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের কথা তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিল। পরবর্তী সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। ভবিষ্যতেও যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে, সেই পরিবেশ বজায় রাখা জরুরি।
তিনি বলেন, “আগামী দিনে আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সকল ধর্ম মতের মানুষকে একসাথে দেশের জন্য কাজ করে আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে।”
দেশের মানুষের প্রত্যাশা পূরণে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণ দেশে স্থিতিশীলতা চায়। তারা শান্তিতে ও নিরাপদে থাকতে চায়। সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে।
বক্তব্যের শেষে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সব ধর্মের মানুষকে সম্প্রীতির সঙ্গে বসবাস এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মন্দিরে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
মঙ্গলবার বেলা ১১টায় রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু ও সাধারণ সম্পাদক খোকন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, রংপুর মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং সদস্যসচিব পলাশ কান্তি নাগ।
পূজামণ্ডপে পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর। এ দিন তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

-0eb550.jpg)
-6036d8.jpg)

-fd5a3d.jpg)






-350d76-256x144.webp)





