প্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য, ৪টি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরের বিস্তারিত সূচিও তুলে ধরা হয়।

সূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা রয়েছে। এ দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

সফরকালে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন তারেক রহমান। দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফরসূচিতে জাপানের চিবা শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। এ ছাড়া নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad