‘দলের স্বার্থে’ সিটি মেয়র প্রার্থী হতে ‘শতভাগ প্রস্তুত’ ইশরাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে ঢোকেন ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
সোমবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে ঢোকেন ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে অংশ নিতে ‘শতভাগ প্রস্তুত’ বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক। তিনি বলেন, অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে তার কর্মকাণ্ডের কারণে দল যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে তার ‘যুদ্ধ’ অব্যাহত থাকবে।

এ সময় এক সাংবাদিক ইশরাক হোসেনের কাছে জানতে চান, এবার কি তিনি মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইশরাক বলেন, “মেয়রের নির্বাচনের বিষয়ে বলেছি, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উনার এখতিয়ারভুক্ত এবং উনার একক সিদ্ধান্ত অনুযায়ী হবে।”

ইশরাক হোসেন আরও বলেন, “আমি যেটা বলেছি যে ইতিপূর্বে ২০২০ সালে এই নির্বাচনটি আমি করেছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার রয়েছে শুধু নয়, নগরীর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করে আসছি দলের নির্দেশনা অনুযায়ী।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ভোটের ব্যবধান ছিল প্রায় পৌনে দুই লাখ।

পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তবে ইশরাকের শপথ ঠেকাতে গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। একই দিন ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা। তাদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবন। আইনি জটিলতার কথা উল্লেখ করে তখন ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সে সময় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

সোমবারের সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, দলের স্বার্থে মেয়র পদে নির্বাচনের জন্য তিনি ‘শতভাগ প্রস্তুত’। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলেও সেই প্রার্থীকে জেতাতে তিনি কাজ করবেন।

ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানার আংশিক এলাকার এই সংসদ সদস্য বলেন, “আমাদের শুধু যে মৌসুমি যে কিছু কর্মসূচি হয় তা নয়, আমাদের যে স্ট্রাকচারাল প্রবলেম রয়েছে, এখানে যে একটা কেন্দ্রীয় পরিকল্পনার অভাব এবং এতগুলা সংস্থা তাদের সমন্বয়— নানাবিধ সমস্যা।”

তিনি বনেন, “এগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করে আসছি, তাই আমি বলেছি যে আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি— যদি দল আমাকে মনে করে যে, আমার নির্বাচন করা প্রয়োজন দলের স্বার্থে, তাহলে আমি শতভাগ প্রস্তুত রয়েছি। পাশাপাশি এ-ও বলতে চাই, দল যদি অন্য যে কাউকে দেবে, তা আমার দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য আমি শতভাগ প্রস্তুত রয়েছি।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement