সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৪: ০৪
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

রাশেদ খাঁন নিজেই আজ সোমবার ফেসবুকে এক পোস্টে বিজ্ঞপ্তিটি শেয়ার করে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে।’

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

তিনি আরও লেখেন, ‘আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন রাশেদ খাঁন। এরপর তিনি গণঅধিকার পরিষদে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলটির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন।

ফেব্রুয়ারির নির্বাচনে রাশের খাঁন ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদরের একাংশ) থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। তবে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু তালিবের কাছে পরাজিত হন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement