ইউক্রেনকে নিয়ে বৈঠকে বসতে পুতিনকে প্রস্তাব ট্রাম্পের দূতের

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টাইন প্যালেসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত
বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টাইন প্যালেসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ত্রিপাক্ষিক শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গোটা বিশ্বই এ ধরনের একটি আলোচনার জন্য অপেক্ষা করে আছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। একই বৈঠকে রাশিয়ায় আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে মস্কো।

সেন্ট পিটার্সবার্গের কনস্টানটিন প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে উইটকফ বলেন, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক আলোচনা পুনরায় শুরু করা যায় কি না, সেটিই তার আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য। তাৎক্ষণিক কোনো সমাধান না এলেও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব এ বিষয়ে অগ্রগতি দেখতে অপেক্ষা করছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে মঙ্গলবার নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উইটকফ। তিনি পুতিনকে ওই বৈঠকের বিষয়ে অবহিত করেন এবং বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতির গতি তৈরি হয়েছে।

অসলো বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা এবং ইউরোপের বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। উইটকফ পুতিনের জন্য সম্ভাব্য শান্তিচুক্তির বিভিন্ন ধারণাসংবলিত কিছু নথিও নিয়ে যান। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুতিনকে কিছু প্রস্তাব জানাবেন বলে উইটকফ জানান।

বৈঠকের শুরুতেই রাশিয়ার পক্ষ থেকে একটি সদিচ্ছার বার্তা আসে। রাশিয়ায় আটক অবসরপ্রাপ্ত মার্কিন স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় মস্কো। এরপর পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ মোকাবিলায় তেহরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বিপুল পরিমাণ সার সরবরাহের সম্ভাবনার কথাও বলেন।

পুতিন ইউক্রেন যুদ্ধ নিরসনে ত্রিপাক্ষিক অন্য একটি সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার কথাও জানান। বলেন, চীনে আগামী মাসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অংশ নিতে পারেন। ক্রেমলিনও আগেই এ বৈঠকের কথা জানিয়েছিল।

তবে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে এখনো রয়ে গেছে ইউক্রেন ও রাশিয়া সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে ব্যাপকভাবে ভিন্ন অবস্থান। পুতিন এখনো দোনেৎস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না দেওয়ার মতো দাবিতে অনড়। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের ওপর দ্রুত যুদ্ধ শেষ করার চাপ বাড়িয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনকে যুদ্ধ শেষ করতে হবে, নইলে ‘খুব খারাপ কিছু’ হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থায় মার্কিন সহায়তা কমে যাওয়ার অভিযোগ উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের ব্যবহৃত সামরিক সংস্করণের স্টারলিংক সেবার গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন। তবে রয়টার্স এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য ইউক্রেনের স্টারলিংক ব্যবহারে কোনো ধরনের প্রত্যাহারের কথা অস্বীকার করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad