ইউনূস স্যারের কোনো ক্ষতি হয়নি, একদম ভালো আছেন: লামিয়া মোরশেদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ‘হেনস্তা’র শিকার হওয়ার ঘটনায় তার সঙ্গে থাকা লামিয়া মোরশেদ জানিয়েছেন, ‘ইউনূস স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে ফেসবুকে দুই শিশুর সঙ্গে নোবেলজয়ী ইউনূসের কয়েকটি আদরমাখা ছবি পোস্ট করে এ কথা জানান সাবেক অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
ফেসবুকে লামিয়া লিখেছেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে (মুহাম্মদ ইউনূস) ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। তিনি একদম ভালো আছেন।”
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ইউনূসকে হেনস্তা করার অভিযোগ ওঠে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীও ছিলেন বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ইউনূসের সামনে গিয়ে দাঁড়ান। পরে তার হুইলচেয়ার ঘুরিয়ে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই ব্যক্তিরা তার পেছনে ছুটতে থাকেন। তাদের একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ।… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”
ঘটনার সময় অধ্যাপক ইউনূসের পাশে লাগেজ হাতে থাকা লামিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, “ওই বর্বর লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন, সেটাই এ ঘটনায় প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ ঘটনায় যারা অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লামিয়া।



















