যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান: আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনো নতি স্বীকার করবে না এবং ওয়াশিংটনের কোনো হুমকির ভাষাও তেহরান সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৈঠকে আব্বাস আরাগচি বলেন, “রাশিয়া ও চীনের সঙ্গে আমাদের নিয়মিত ও ধারাবাহিক পরামর্শ চলছে। সুযোগ পেলেই আমরা এই বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।”
শান্তি প্রক্রিয়ার প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি।”
গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে ইরানের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা তাদের মৌলিক নীতির অংশ এবং তেহরান এই নীতির প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের জনগণের ন্যায্য দাবি ও বৈধ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
















