আবারও বিকট বিস্ফোরণে কাঁপল ইরানের কেশম দ্বীপ

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় বিকট শব্দে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এসব বিস্ফোরণ সামরিক মহড়ার অংশ হতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানিয়েছে রয়টার্স। তবে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য অস্বীকার করা হয়েছে আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায়। এদিকে একই সময়ে প্রণালিটিতে দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবর পাওয়া গেলেও, দ্বীপের বিস্ফোরণের সঙ্গে এর সম্পর্ক স্পষ্ট নয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। তবে এসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এদিকে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজ দুটি ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি।
তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের সঙ্গে তেলবাহী জাহাজ দুটির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কয়েক দিন আগেই দ্বীপটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলা ছিল সীমিত পরিসরের। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি বলেও দাবি করেন তিনি।











-1c8763-256x144.webp)
-984704-256x144.webp)
-b3e939-256x144.webp)